জাহিদ হাসান (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে হাঁটতে বের হওয়ার সময় বালুবাহী ট্রাকের ধাক্কায় জুলেখা খাতুন (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী হারুনর রশীদ (৫০) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জুলেখা খাতুন ও আহত হারুনর রশীদ উপজেলার ছালাভরা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায় করে স্বামী-স্ত্রী মিলে হাঁটতে বের হন। ছালাভরা বাজারের পূর্বপাশে করাতকলের কাছে পৌঁছালে পশ্চিম দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে জুলেখা খাতুন ছিটকে পড়ে করাতকলের পাশে রাখা গাছের গুড়ির ওপর, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হারুনর রশীদকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল ইসলাম জানান, “ট্রাকটি দ্রুতগতিতে চলছিল। দুর্ঘটনার পরপরই সেটি পালিয়ে যায়, তাই আটক করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেছে।”
কাজিপুর থানার তদন্ত কর্মকর্তা লাল মিয়া জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং প্রাথমিক তদন্ত করি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকের সন্ধান চলছে।”
স্থানীয়রা দ্রুতগতির যানবাহনের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



মন্তব্য