জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি
নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সিরাজগঞ্জে এক জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “বিএনপির নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে, তবে আগামী নির্বাচনে অন্য কারও কোনো সুযোগ নেই।”
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, “বেগম খালেদা জিয়া বছরের পর বছর কারাবরণ করেছেন গণতন্ত্রের জন্য। বিগত ১৬ বছরে দেশে বহু মানুষ গুম ও খুন হয়েছে, যার প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ বারবার গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, কিন্তু ফ্যাসিবাদী সরকার জনগণকে বারবার বঞ্চিত করেছে।”
নজরুল ইসলাম খান বলেন, “আমরা সংগ্রাম ও আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছিলাম। দেশের জনগণ এ পরিবর্তনকে স্বাগত জানিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন, তার হাত ধরেই বহুদলীয় গণতন্ত্র ও অর্থনৈতিক কার্যক্রমের পুনর্জন্ম হয়েছিল। কিন্তু দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়।”
সরকারের কঠোর সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, “শেখ হাসিনা জাতীয় বেঈমান, তিনি বারবার দেশের গণতন্ত্র হরণ করেছেন। কিন্তু বিএনপির আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।”
তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনের মাধ্যমেই দেশ নতুন করে স্বাধীন হয়েছে। দেশের মানুষ ভোটের মাধ্যমে সরকার গঠন করবে, আর বিএনপির ৩১ দফা হলো রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা।”
সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন –বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদার,বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও কণ্ঠশিল্পী কনকচাঁপা, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাসজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম প্রমুখ
জনসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হন। নেতারা সবাই দলীয় ঐক্য ধরে রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।



মন্তব্য