মঙ্গলবার, ৫ মে ২০২৬
 

জেলা পরিষদ সদস্যদের সেবার মনোভাব সম্পন্ন ও উত্তম প্রশাসক হতে হবে - পার্বত্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৫

---

কে.ডি পিন্টু (চট্টগ্রাম ব্যুরো) :

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশে বলেছেন, নিজেদের মধ্যে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে পার্বত্য এলাকার উন্নয়নে কাজ করতে হবে। জেলা পরিষদের এ ১৫ জন সদস্যের মধ্যে সেবার মনোভাব থাকার পাশাপাশি তাদের উত্তম প্রশাসক হতে হবে। তিনি বলেন, কোনো ধরনের অপ্রীতকর ঘটনা ও অব্যবস্থাপনা বরদাস্ত করা হবে না।

 

আজ দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা এবং জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব- ১৭) ২০২৫- এ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় তাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

 

কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ পরিচালনার‌ যাবতীয় আইন-বিধি আপনাদের ভালোভাবে আত্মস্থ করতে হবে। নিজেরা সুসংবদ্ধ থাকলে উন্নয়ন কাজ ত্বরান্বিত হবে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কৃষিসহ অর্থকরী ফসল উৎপাদনে সক্ষম হতে হবে, বাঁশ চাষ বাড়াতে হবে। প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি সংগ্রহ করে রাখতে হবে। এছাড়া পশুপালন কর্মসূচি, ফিশারিজ, মা ও শিশু স্বাস্থ্য, মহিলাদের জন্য অধিক কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে পার্বত্য চট্টগ্রামে কোনো বেকার রাখা চলবে না। তিনি  বলেন, আমরা এ এলাকার মানুষের জন্য ছাত্রাবাস, শিশু সদন, হোস্টেল নির্মাণসহ ইঞ্জিনিয়ারিং ও নার্সিং কলেজ স্থাপন করতে চাই।

 

উপদেষ্টা এ সময় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি জেলার বিজয়ী দলকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান।

 

খেলোয়াড়দের উদ্দেশে উপদেষ্টা বলেন, খাগড়াছড়ি জেলায় খেলাধুলার সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। খেলোয়াড়দের কঠোর অনুশীলন অব্যাহত রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, তোমাদেরকে বিভাগ থেকে  জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হতে হবে। সরকার সব সহযোগিতা দেবে।

 

এসময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়রম্যান জিরুনা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, সিনিয়র সহকারী সচিব শুভাশিস চাকমা, জেলা পরিষদ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী এবং পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon