![]()
মোঃজাকির হোসেন, রাজাপুর প্রতিনিধি
চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। এ ছাড়া তাকে বি,এনপির সকল কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসিম উদ্দিন আকন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গত ৮ জানুয়ারি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। এরপর ১১ জানুয়ারি নাসিম উদ্দিন আকনের কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হলো। একই সঙ্গে তাকে দলীয় সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো। দলের সকল পর্যায়ের নেতা–কর্মীদেরকে রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের (দলীয় পদ স্থগিত) সাথে কোনো প্রকার যোগাযোগ রক্ষা না করার জন্য নির্দেশনা দেওয়া হলো।
এদিকে শনিবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা শহরে এর প্রতিবাদে ঝাড়ু মিছিল করে রাজাপুর উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মীরা। রাজাপুর উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাইপাস মোড় হয়ে নাসিম আকনের বাঘড়ির বাসায় গিয়ে শেষে হয়। এসময় জেলা বিএনপির সদস্য সচিব আ্যডভোকেট শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
এ বিষয়ে নাসিম উদ্দিন আকন বলেন, ‘আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল আমি সেটার জবাব দিয়েছি। অথচ জেলা বিএনপি থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আমার পদ স্থগিত করা হয়েছে।
জেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন বলেন, ‘চাঁদাবাজির অভিযোগ বিভিন্ন পত্র–পত্রিকায় সংবাদ হয়। আমরা তাকে শোকজ করেছিলাম। শোকজের জবাব সন্তোষজনক না হওয়াতে তার দলীয় পদ স্থগিত করা হয়েছে।
গত ৮ জানুয়ারির ওই নোটিশে উল্লেখ করা হয়েছিল, জাতীয় নাগরিক কমিটির সদস্যের কাছে চাঁদা দাবি ও হুমকির বিষয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় আপনার (নাসিম উদ্দিন আকন) নামে সংবাদ প্রকাশিত হয়েছে। ঝালকাঠি জেলা বিএনপির অধীনে উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থাকাবস্থায় আপনার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ পাওয়া গেছে। শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনাকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে কেন অব্যাহতি দেওয়া হবে না, তার উপযুক্ত জবাব আগামী ৩ কার্যদিবসের মধ্যে জেলা বিএনপির নিকট প্রদানের নির্দেশনা দেওয়া হলো।



মন্তব্য