বুধবার, ৬ মে ২০২৬
 

রুয়েটে নির্মাণধীন কাজে নিয়োজিত শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৫

---

রাবি প্রতিনিধি:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পাঁচতলা থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮ টার দিকে  নির্মাণাধীন সিভিল ভবনের পাঁচতলার ছাদ থেকে পড়ে গিয়ে নিহত হন শ্রমিক মো. আব্দুস সালাম (২৫)। নিহত শ্রমিক পঞ্চগড় জেলার বোদা উপজেলার দড়িপাড়া গ্রামের আয়নুল হকের ছেলে। তিনি নির্মাণাধীন ভবনের রাজমিস্ত্রী হিসেবে কাজ করছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে নির্মাণাধীন ভবনে রডের কাজ করছিলেন সালাম। কাজের একপর্যায়ে সকাল ৮টার দিকে হঠাৎ পা ফসকে পাঁচতলা থেকে নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় তিনি কোনো নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করছিলেন না।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, “মাথা থেতলানোসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন। ময়নাতদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

রুয়েটের প্রকল্প পরিচালক অমিত রায় চৌধুরী বলেন, “মৃত্যুর ঘটনা সম্পর্কে আমরা জানতে পেরেছি। নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি ছিল। এই ব্যর্থতার কারণে আমরা ঠিকাদার প্রতিষ্ঠানকে বহিষ্কার করেছি। পাশাপাশি ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon