![]()
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাংগাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শিমলাপাড়া মধ্যপাড়া মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে মুসল্লিদের মাঝে শিশু নির্যাতন, শিশুশ্রম, মাদক ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রদান করেছে হেমনগর তদন্ত ফাঁড়ির পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর সরকারের নির্দেশনা অনুযায়ী এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় হেমনগর তদন্ত ফাঁড়ির পুলিশ কর্মকর্তা এসআই আতিকুর রহমান মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
বক্তব্যে তিনি শিশুদের প্রতি যেকোনো ধরনের নির্যাতন বন্ধে পরিবার ও সমাজের সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিশুদের দিয়ে শ্রম করানো থেকে বিরত থাকা এবং তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সচেতন করেন।
এছাড়া তিনি মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরে মাদক থেকে যুবসমাজ ও নতুন প্রজন্মকে দূরে রাখতে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনা প্রতিরোধে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এসআই আতিকুর রহমান বলেন, শিশু নির্যাতন, শিশুশ্রম, মাদক ও আত্মহত্যা—এসব সামাজিক সমস্যা প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা গেলে এসব সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
পুলিশের পক্ষ থেকে সরকারের গুরুত্বপূর্ণ বার্তাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
জুমার নামাজে অংশ নেওয়া মুসল্লিরা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পাশাপাশি এ ধরনের সচেতনতামূলক আলোচনা সমাজ থেকে অপরাধ ও নানা সামাজিক ব্যাধি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



মন্তব্য