![]()
জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি:
রাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশীর ছেলে ঠাকুর হালদার (৬৫) এবং কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজি চালক আশিক (৩৫)। আহত ব্যক্তি ঠাকুর হালদারের ছেলে বিষ্ণু হালদার। তিনি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নীয় সূত্রে জানা যায়, ভোরে মাছ ধরার জাল নিয়ে বাবা-ছেলে ঠাকুর হালদার ও বিষ্ণু হালদার বাড়ি থেকে বের হন। পরে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার থেকে একটি সিএনজি অটোরিকশায় সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন তারা। সিএনজিটি বটতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদার মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত বিষ্ণু হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আশিকের ভাতিজা ইসমাইল হোসেন জানান, ভোরে সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আশিক। সকাল ৬টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আশিককে মৃত অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
ভোরের এই দুর্ঘটনায় দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাবার সঙ্গে মাছ ধরার জাল নিয়ে বের হওয়া ঠাকুর হালদার আর বাড়ি ফিরতে পারেননি। অন্যদিকে জীবিকার তাগিদে সিএনজি নিয়ে বের হওয়া আশিকও ফিরেছেন নিথর হয়ে।



মন্তব্য