মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
 

কাঁঠালিয়ায় ভাঙাচোরা রাস্তা ও ব্রিজ সংস্কারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬

---
​কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বটতলা বাজার থেকে জমাদ্দার হাট পর্যন্ত এলজিইডি’র গুরুত্বপূর্ণ ২ কিলোমিটার সড়ক ও এর তিনটি ব্রিজ সম্পূর্ণ ভেঙে যাতায়াত অনুপযোগী হয়ে পড়েছে। জরাজীর্ণ এই সড়ক ও ব্রিজগুলো অবিলম্বে পুনঃনির্মাণের দাবিতে মঙ্গলবার সকালে ঘণ্টাব্যাপী এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

​মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় কাঁঠালিয়া নাগরিক ফোরাম আয়োজিত মুন্সি বাড়ি ব্রিজ সংলগ্ন রাস্তায় এই মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী স্থানীয় শতশত সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারী।

​মানববন্ধনে বক্তারা জানান, বটতলা বাজার থেকে জমাদ্দার হাট পর্যন্ত এলজিইডি’র এই রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় পুরো রাস্তাটিতে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। পাশাপাশি সড়কটির ওপর থাকা তিনটি ব্রিজই মারাত্মকভাবে ভেঙে গিয়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মুমূর্ষু রোগী, গর্ভবতী নারী ও কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।​এ সময় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, জনদুর্ভোগ চরমে পৌঁছালেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। দ্রুত রাস্তা সংস্কার ও নতুন ব্রিজের কাজ শুরু না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

​মানববন্ধনে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন এবং অবিলম্বে সড়ক ও ব্রিজগুলো মেরামতের জন্য এলজিইডি’র উর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon