বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
 

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে কর্ণফুলীতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬

---

সাইফুল ইসলাম, চট্টগ্রাম
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তীব্র গ্যাস সংকট এবং সারাদেশ ও শিক্ষা প্রতিষ্ঠানে বিরোধী মতের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় গণমিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার কর্ণফুলী উপজেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। গণমিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়।
গণমিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মনির আবছার চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীর।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ নুরুল আমিন বলেন, দেশের জনগণ পরিবর্তনের যে প্রত্যাশা নিয়ে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছে, সেই প্রত্যাশা পূরণে জনগণের মতামত ও গণরায়ের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তিনি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস সংকট এবং সাধারণ মানুষের নিত্যদিনের ভোগান্তি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অফিস সম্পাদক নুরুল হক বলেন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হলে বিরোধী মত ও ভিন্নমতের প্রতি সহনশীলতা প্রদর্শন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন স্থানে বিরোধী মতের ব্যক্তিদের ওপর হামলা ও হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, বাংলাদেশ খেলাফত মজলিসের কর্ণফুলী উপজেলা সেক্রেটারি মাওলানা আবরার, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম পশ্চিম জেলার সাহিত্য সম্পাদক শোয়াইবুল ইসলাম মোরশেদ এবং কর্ণফুলী উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হারুন।

এ সময় বক্তারা বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং চলমান অর্থনৈতিক সংকট নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করারও আহ্বান জানান তারা।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াত নেতা মাহবুব আলী, ইলিয়াছ মেম্বার, আব্দুর রহমান, ডা. ইলিয়াস, মনজুর আলম, জিয়াউর রহমান, মুছা মেম্বার, মোস্তফা আল মাহমুদ ইমরোজ, মাওলানা মুছা ও গিয়াস উদ্দিনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট দাবি-দাওয়া বাস্তবায়নের আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon