![]()
সাইফুল ইসলাম, চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী জাহাঙ্গীর আলম। তাঁর ব্যক্তিগত উদ্যোগ এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী ও মানবিক মানুষের আর্থিক সহযোগিতায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড এবং বড়উঠান ৬ নম্বর ওয়ার্ডের বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে কর্ণফুলীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বহু নিম্নআয়ের পরিবার চরম দুর্ভোগে পড়ে। অনেক পরিবারের ঘরে পানি প্রবেশ করায় নষ্ট হয়েছে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। এমন পরিস্থিতিতে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খুঁজে বের করে তাদের হাতে সরাসরি আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এ কার্যক্রমে মোট ৩৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৭২ হাজার টাকা বিতরণ করা হয়েছে। জাহাঙ্গীর আলম (প্রবাসী) ও মোহাম্মদ রাশেদুল ইসলামের মোবাইল নম্বরে দেশ-বিদেশ থেকে যেসব মানবিক মানুষ আর্থিক সহায়তা পাঠিয়েছেন, সেই অর্থ শতভাগ স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে শারীরিকভাবে সহযোগিতা করেন প্রবাসী জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জালাল উদ্দীন, মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোহাম্মদ জাবেদুল ইসলাম, প্রবাসী মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ আনিছসহ আরও অনেক স্বেচ্ছাসেবী।
সংশ্লিষ্টরা জানান, কর্ণফুলীর বিভিন্ন এলাকায় এখনও অনেক পরিবার জলাবদ্ধতা ও বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে। তারা বলেন, অনেক বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন অন্য এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করলেও নিজ উপজেলার অনেক অসহায় মানুষ এখনও পর্যাপ্ত সহযোগিতা থেকে বঞ্চিত। তাই কর্ণফুলীর সামর্থ্যবান ব্যক্তি, প্রবাসী এবং সামাজিক সংগঠনগুলোর প্রতি নিজ উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষের পাশেও দাঁড়ানোর আহ্বান জানান তারা।
এছাড়া যারা আর্থিক, শারীরিক ও নানাভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। ভবিষ্যতেও মানবতার সেবায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিক দায়িত্ব।



মন্তব্য