![]()
এনামুল কবির মুন্না,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
পরিবার পরিকল্পনা, মা-শিশুস্বাস্থ্য ও কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্যসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আবারও শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছেন মো. রেদওয়ানুর রহমান। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পাণ্ডারগাঁও ইউনিয়নের এই পরিবার পরিকল্পনা পরিদর্শক এবারসহ উপজেলা পর্যায়ে পাঁচবার এবং সুনামগঞ্জ জেলা পর্যায়ে দুইবার শ্রেষ্ঠ কর্মী হিসেবে পুরস্কৃত হওয়ার এক অনন্য গৌরব অর্জন করলেন।
গত রবিবার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। তিনি উক্ত অনুষ্ঠানের সফল সঞ্চালকের দায়িত্বও পালন করেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সামসুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে. এম. আবদুল্লাহ আল-মামুন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অরূপ রতন সিংহ বলেন, পরিকল্পিত পরিবার ও কার্যকর পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মীদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি রেদওয়ানুর রহমানের মতো দক্ষ কর্মীদের কাজের ভূয়সী প্রশংসা করেন।
‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিই সুন্দর আগামীর গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে এ বছর রেদওয়ানুর রহমান ছাড়াও শ্রেষ্ঠ কর্মী হিসেবে আরও সম্মাননা লাভ করেছেন নরসিংপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোছা. সাজেদা বেগম এবং বাংলাবাজার ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছা. কোহিনুর আক্তার।
এছাড়া অনুষ্ঠানে শ্রেষ্ঠ সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ‘পার্টনার ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট’ (পিএইচডি) এবং পাণ্ডারগাঁও ইউনিয়ন পরিষদকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।



মন্তব্য