![]()
জামাল খান,জেলা সংবাদদাতা
ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল (দন্ত) বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ না থাকায় উপজেলার হাজার হাজার মানুষ আধুনিক দাঁতের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার এই গুরুত্বপূর্ণ শাখাটি একপ্রকার অচল হয়ে পড়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে কোনো ডেন্টাল বিভাগ ছিল না। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির মুখে গত কয়েক বছর আগে এখানে ডেন্টাল বিভাগ চালু করা হয়। এতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের মনে আধুনিক ও স্বল্পমূল্যে দাঁতের চিকিৎসা পাওয়ার আশা জেগেছিল। কিন্তু বিভাগ চালু হলেও চিকিৎসা দেওয়ার মতো কোনো উপকরণ বা প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় চিকিৎসকরা রোগীদের কোনো সেবা দিতে পারছেন না। ফলে দূর-দূরান্ত থেকে আসা শত শত রোগীকে প্রতিদিন চিকিৎসা না নিয়েই ক্ষোভ ও হতাশা নিয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে।
ভুক্তভোগী রোগীরা জানান, সরকারি হাসপাতালে দাঁতের চিকিৎসা নিতে এসে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। নিরুপায় হয়ে তাদের চড়া মূল্যে শহরের বেসরকারি ক্লিনিক কিংবা হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হতে হচ্ছে, যা দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের জন্য অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ।
ডেন্টাল বিভাগের এই অচলাবস্থার বিষয়ে দৌলতখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আনিসুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, “আমাদের ডেন্টাল বিভাগে বর্তমানে দু’জন অত্যন্ত যোগ্য চিকিৎসক কর্মরত আছেন— ডা. কামরুন নাহার এবং ডা. সামিয়া। কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালে ডেন্টাল চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ না থাকায় তারা রোগীদের সেবা দিতে পারছেন না।”
ডা. আনিসুর রহমান আরও জানান, চিকিৎসকদের উপস্থিতি সত্ত্বেও উপকরণের অভাবে সেবা দিতে না পারার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে যেন হাসপাতালে প্রয়োজনীয় সব চিকিৎসা উপকরণ সরবরাহ করা হয়, সে ব্যাপারে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলার সচেতন নাগরিক ও সাধারণ মানুষ দ্রুত এই স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল বিভাগে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করে চিকিৎসা সেবা পুরোপুরি সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।



মন্তব্য