![]()
নওগাঁ-প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে। হাট-বাজার, চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে স্থানীয়ভাবে আলোচনায় রয়েছেন আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট মো. আল-আমিন। অ্যাডভোকেট মো. আল-আমিন দীর্ঘদিন ধরে আইন পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয়দের একাংশের দাবি, আইনি পরামর্শ ও বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি ২০০৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে যুক্ত হন। তিনি মিরাট ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি মিরাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁ জেলা শাখার সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। স্থানীয় কয়েকজন ভোটার জানান, তারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি সৎ, শিক্ষিত, যোগ্য এবং সাধারণ মানুষের পাশে থাকবেন। তাদের ভাষ্য, অ্যাডভোকেট মো. আল-আমিন অতীতে বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করছেন। এসব কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে নিজের পরিকল্পনা তুলে ধরছেন। নিজের প্রার্থিতা সম্পর্কে অ্যাডভোকেট মো. আল-আমিন বলেন, “আমি মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই। রাস্তাঘাটের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি আধুনিক ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তোলাই আমার অঙ্গীকার। ইউনিয়নবাসীর সমর্থন পেলে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করব।” তবে নির্বাচনের ফলাফল সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, নির্বাচনী প্রচারণা ও ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই ফলাফল নির্ভর করবে।



মন্তব্য