শনিবার, ১১ জুলাই ২০২৬
 

সংসদে ৬ জন এনসিপি এমপি ২১২ জনের সমান: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬

---
ফয়সাল হোসেন, লক্ষ্মীপুর:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এমপি বলেছেন, সংসদে আমাদের ৬ জনের দুই মিনিটের বক্তব্যের জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ৪৫ মিনিট লাগে। এনসিপির ৬ জনই যেন ২১২ জনের সমান। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর শহীদ ওসমান চত্বরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা যদি ৪৫ মিনিট সময় পাই, তাহলে তার জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি পুরো অধিবেশন লেগে যাবে। এই তরুণ প্রজন্ম কারও কাছে তাদের বিবেক বন্ধক দেয়নি।’ স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপি চায় তরুণরা বেশি বেশি নির্বাচনে অংশগ্রহণ করুক। তিনি দলের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমরা যখন নির্বাচনে নেমেছিলাম, তখন আমাদের ‘চিলড্রেন পার্টি’ বলা হয়েছিল। বলা হয়েছিল, আমরা নাকি ৫০০ ভোটও পাব না। কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর মা-বোনেরা পঙ্গপালের স্রোতের মতো এসে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। শেষ পর্যন্ত আমাদের ভোট ১ লাখ ৬৮ হাজারে পৌঁছেছে এবং কোনো কেন্দ্রেই আমাদের বিজয় ঠেকানো যায়নি। তরুণদের উদ্দেশে তিনি বলেন, সামনে মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর ও মেয়র নির্বাচন রয়েছে। আপনারা অংশগ্রহণ করুন। প্রয়োজনে ১০০, ৫০ কিংবা ২০ ভোট পান, এমনকি পরাজিত হলেও সমস্যা নেই। নিজের ভোট নিজে পেলেও নির্বাচনে থাকুন। যতদিন তরুণ প্রজন্ম রাজপথে ও নেতৃত্বে থাকবে, ততদিন বাংলাদেশ পিছিয়ে পড়বে না।

এসময় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, সংগঠক আরমান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজা উদ্দিন ও লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহ প্রমুখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon