![]()
সাইফুল ইসলাম: চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে সাম্প্রতিক টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বরাদ্দকৃত ৪ টন চাল বিতরণ করা হয়েছে।
৯ জুলাই চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদে আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম। এ সময় ইউনিয়নের ৯ ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত এলাকার সাধারণ মানুষের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন কান্তি দাশ, চরলক্ষ্যা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল গফুর, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য জিএম জসীম উদ্দিন হায়দার, মোহাম্মদ মনির উদ্দীনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় বক্তারা বলেন, টানা বর্ষণে চরলক্ষ্যা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বহু পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের পক্ষ থেকে ধারাবাহিকভাবে খাদ্য সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।
এর আগে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম চরলক্ষ্যা ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে অসহায় ও পানিবন্দি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলে জলাবদ্ধতার কারণ ও দুর্ভোগের বিষয়গুলো সম্পর্কে অবগত হন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা ভারী বর্ষণে চরলক্ষ্যা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়িঘর, সড়ক ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এমন পরিস্থিতিতে সরকারি ত্রাণ সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



মন্তব্য