![]()
সাইফুল ইসলাম: চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্যারটেক চেকপোস্টে অভিযান চালিয়ে এক দম্পতিকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। পুলিশ দাবি করেছে, অভিযানে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
তবে অভিযোগ উঠেছে, আটক দম্পতির কাছ থেকে প্রকৃতপক্ষে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার হলেও জব্দ তালিকায় ৫ হাজার ৮০০টি দেখানো হয়েছে। বাকি ৬ হাজার ২০০ পিস ইয়াবা আত্মসাতের অভিযোগ উঠেছে অভিযানে নেতৃত্ব দেওয়া কর্ণফুলী থানার এসআই (নিরস্ত্র) ইমরান ফয়সালের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর ৪টা ৪০ মিনিটে কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক মোড়ে স্থাপিত পুলিশ চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) ইমরান ফয়সাল সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাশি চালিয়ে কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা রমজান আলী (৩৫) ও তাঁর স্ত্রী দিলোয়ারা বেগমকে (২৩) আটক করেন।
পুলিশের দাবি, তাদের কাছ থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় কর্ণফুলী থানায় মামলা (নং-০৭, তারিখ: ৯ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তবে অভিযানের পরপরই ভিন্ন অভিযোগ সামনে আসে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, রমজান আলী ও দিলোয়ারা বেগমের কাছ থেকে মোট ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল। কিন্তু জব্দ তালিকায় মাত্র ৫ হাজার ৮০০ পিস ইয়াবা দেখিয়ে মামলা রেকর্ড করা হয়।
অভিযোগ অনুযায়ী, অবশিষ্ট ৬ হাজার ২০০ পিস ইয়াবা আত্মসাৎ করা হয়েছে। এ অভিযোগকে কেন্দ্র করে কর্ণফুলী থানা পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে জব্দ তালিকা, আলামত সংরক্ষণ এবং অভিযানে অংশ নেওয়া সদস্যদের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে এসআই ইমরান ফয়সালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তার জবাবে তিনি বলেন, আমরা যা পেয়েছি, তা উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করে সেই অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। ১২ হাজার পিস ইয়াবা উদ্ধারের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আটক করা ইয়াবা গণনা করে যত পাওয়া গেছে, তার ভিত্তিতেই মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।



মন্তব্য