![]()
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় যুব নেতৃত্বে ডিজিটাল নিরাপত্তা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বিভিন্ন স্টেকহোল্ডারের অংশগ্রহণে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকালে পাথরঘাটা উপজেলা পরিষদ হলরুমে Action for Transformation (A4T) প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভাটি বাস্তবায়ন করে নজরুল স্মৃতি সংসদ (NSS) এবং সহযোগিতা করে ActionAid Bangladesh।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উমর শরীফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মহসিন, সমাজকর্মী এরফান আহমেদ সোয়েন, উপজেলা মহিলা দলের সভাপতি ইসরাত জাহান শিরিন, আইনজীবী মিজানুর রহমান ডিলার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নেসার উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক, সাংবাদিক, যুব প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা।
সভায় বক্তারা বলেন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইনভিত্তিক লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তরুণদের সচেতনতা বৃদ্ধি, নারীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের সহজলভ্য ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, যুব সমাজকে নেতৃত্বের সুযোগ করে দিয়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি বৈষম্যহীন, নিরাপদ ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
সভায় অংশগ্রহণকারীরা ডিজিটাল নিরাপত্তা, লিঙ্গসমতা, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং বিভিন্ন স্টেকহোল্ডারের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।



মন্তব্য