![]()
এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী এক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ফুচকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একটি বসতবাড়িতে লুকিয়ে রাখা ৩ হাজার ৭০৮ কেজি ওজনের এই ফুচকার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার (৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমবাড়ী গোলহাটি পাড়া এলাকার এক প্রবাসীর বাড়ি থেকে এই চালানটি জব্দ করা হয়। ডিবি পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল স্থানীয় সৌদি প্রবাসী শাহাদাত মিয়ার বাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে ঘরের দক্ষিণ পাশের একটি কক্ষ থেকে বস্তাভর্তি এই বিশাল ফুচকার চালান উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা আগেই পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন— শাকিল, মিলন মিয়া, ফরিদ মিয়া, শফিকুল ইসলাম এবং আল আমিন। এদিকে প্রবাসীর স্ত্রী সাকিবুন নাহার দাবি করেছেন, একই গ্রামের অভিযুক্ত শাকিল ও মিলনসহ তাদের সহযোগীরা ফুচকার বস্তাগুলো এনে জোরপূর্বক বা কৌশলে তাদের ঘরে জমা রেখেছিল। সুনামগঞ্জ জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জানান, উদ্ধারকৃত প্রতি কেজি ফুচকার মূল্য আনুমানিক ৩৫০ টাকা, যার মোট বাজারমূল্য ১২ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা। পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এর পাশাপাশি প্রবাসীর স্ত্রীর এই ঘটনার সাথে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসূত্র আছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। তিনি আরও জানান, সীমান্ত গলিয়ে আসা যেকোনো ধরনের অবৈধ পণ্যের চোরাচালান রুখতে জেলা পুলিশের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।



মন্তব্য