বুধবার, ৮ জুলাই ২০২৬
 

ভিডিও প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ জুলাই ২০২৬

---

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে সরকারি বিধিমালা লঙ্ঘন করে রাতেও জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর এক সাংবাদিককে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরকারি বিধি অনুযায়ী জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তোলিত থাকবে। তবে সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সরেজমিনে দেখা যায়, পাথরঘাটা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে তখনও জাতীয় পতাকা উড়ছে। স্থানীয়দের দাবি, এর আগেও একাধিকবার একই ধরনের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ সময় দৈনিক কালবেলা পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি আল আমিন ফোরকান ঘটনাটির ভিডিও ধারণ করে নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন। অভিযোগ রয়েছে, ভিডিওটি প্রকাশের কিছুক্ষণ পর অজ্ঞাত একটি নম্বর থেকে তাকে ফোন করে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় মঙ্গলবার (৭ জুলাই) সাংবাদিক আল আমিন ফোরকান বাদী হয়ে পাথরঘাটা উপজেলা পরিষদের নৈশপ্রহরী পার্থপ্রতিম বিশ্বাসের বিরুদ্ধে পাথরঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, অজ্ঞাত নম্বর থেকে ফোন করা ব্যক্তির কণ্ঠস্বর উপজেলা পরিষদের নৈশপ্রহরী পার্থপ্রতিম বিশ্বাসের কণ্ঠের সঙ্গে মিল রয়েছে। তার ধারণা, পার্থপ্রতিম বিশ্বাসই অথবা তার নির্দেশে কেউ এ হুমকি দিয়েছে।
সাংবাদিক আল আমিন ফোরকান বলেন, “হুমকি পাওয়ার পর থেকে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, “সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। হুমকিদাতাকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বরগুনা জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি, সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরগুনা জেলা শাখার সভাপতি, সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি পাথরঘাটা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. জিয়াউল করিম বলেন, “একজন গণমাধ্যমকর্মী অনিয়ম তুলে ধরবেন, এটাই তার দায়িত্ব। এজন্য তাকে হুমকি দেওয়া অত্যন্ত নিন্দনীয়। জাতীয় পতাকা অবমাননার সঙ্গে জড়িত ব্যক্তি এবং সাংবাদিককে হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।”
পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মো. ফারুক সাংবাদিককে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, “অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আমরা সাংবাদিক সমাজের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন খান বলেন, “জাতীয় পতাকা উত্তোলন ও নামানোর দায়িত্বে থাকা ব্যক্তি অথবা তার সহযোগীরাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তাই দ্রুত তদন্ত করে প্রকৃত হুমকিদাতাকে শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলিম বলেন, “সাংবাদিককে হুমকি দেওয়ার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দোষী ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon