রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের গোলারচক গ্রামে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে সোহাগ শেখ (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। হত সোহাগ শেখ ওই গ্রামের নাসির শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিনটি শিশু সন্তান রেখে গেছেন।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ, রোববার দুপুরে জিন্দার শেখের ছেলে আবু হুরায়রা (৮) ও তার চাচাতো ভাই নুর হোসেনের (৯) মধ্যে ঝগড়া হয়। এ সময় তাদের আরেক চাচাতো ভাই ইসলাম শেখ দুই শিশুকে থামানোর চেষ্টা করেন। পরে বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং সন্ধ্যার পর তা সংঘর্ষে রূপ নেয়।
নিহতের পরিবারের দাবি, সংঘর্ষের একপর্যায়ে ইসলাম শেখকে মারধর করা হয়। পরে ইসলাম শেখের ভাই সোহাগ শেখ ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয় বলে পরিবারের অভিযোগ। গুরুতর আহত অবস্থায় সোহাগ শেখকে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তার মৃত্যু হয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, ঘটনার রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



মন্তব্য