![]()
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজিবের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সজিবসহ তিনজন আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হন সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি সজিব। এছাড়াও আহত হয়েছেন তার বড় ভাই বাবুল ও কাইফ নামে আরও একজন।
আহত ও স্থানীয়দের অভিযোগ, লেবুবুনিয়া বাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এ বিষয়ে প্রতিবাদ করায় অভিযুক্তদের সঙ্গে সজিব ও স্থানীয়দের বাকবিতণ্ডা হয়। পরে এক পর্যায়ে মাদকসেবিরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রায় ২০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়।হামলায় গুরুতর আহত সজিবকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য দুই আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আফজাল। তিনি দাবি করেন, মাদক ব্যবসার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং মূলত ডাবের ব্যবসা নিয়ে সোহেল আকনের সঙ্গে সজিবের বড় ভাইয়ের বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। তার অভিযোগ, সজিবের পক্ষের লোকজন আগে হামলা চালিয়ে একজনের পা ভেঙে দিয়েছে।
এ বিষয়ে রাজাপুর থানার তদন্ত ওসি ফিরোজ কামাল জানান, ঘটনাটি তারা মৌখিকভাবে শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য