![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রী সেজে চালককে অজ্ঞান করে একটি অটোরিক্সা (ইজিবাইক) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।শুক্রবার (৩ জুলাই) বিকাল আনুমানিক সারে ৪টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী অটো চালকের নাম (ইজিবাইক) সামচু শেখ (৩৫)। তিনি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাউরিয়া গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে।
তাকে গুরুতর অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার এবং থানা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার সামচু শেখ তার অটো নিয়ে সকাল ৯ টার দিকে বাড়ি থেকে বের হন। সারাদিন বিভিন্ন জায়গায় যাত্রী আনা নেওয়া করতে থাকেন। দুপুর সারে ৩ টার দিকে রাজবাড়ী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে তিনি বিকাল অনুমানিক সোয়া ৪ টার দিকে গোয়ালন্দ বাস স্ট্যান্ডে আসেন। সেখান থেকে বিকাল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া ঘাটে যেতে দুইজন পুরুষ এবং একজন মহিলা যাত্রী তার অটোতে ওঠেন।
গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে কিছুটা আগালে পদ্মার মোড় নামক স্থানে যাওয়ার পর তাকে অজ্ঞান করে সড়কের পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দূবৃত্তরা। ধারনা করা হচ্ছে যাত্রীবেশে ওঠা তিন যাত্রী এই অপরাধটি সংঘটিত করেছে। স্হানীয় লোকজন তাকে মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে থাকা চিকিৎসক জানান, বিশেষ ধরনের কেমিক্যাল বা নেশাজাতীয় দ্রব্য প্রয়োগ করে তাকে অচেতন করা হয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগী চালকের পরিবারের পক্ষ হতে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা অভিযোগটি তদন্ত করে ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং খোয়া যাওয়া অটোরিকশাটি উদ্ধারের কাজ শুরু করেছি।



মন্তব্য