![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে পোড়া ভিটা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫০ পুরিয়া হেরোইনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। শনিবার (৪ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে গোয়ালন্দ উপজেলার মনোরমা সিনেমা হল-সংলগ্ন এলাকায় র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— গোয়ালন্দঘাট উপজেলার সোহরাব মণ্ডলপাড়া এলাকার তুহিন মোল্লার স্ত্রী মোসা. বন্যা বেগম (২৮) এবং উত্তর দৌলতদিয়া এলাকার রবি শেখের স্ত্রী পিংকি আক্তার (৩০)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ৫০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।
র্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া দুজন পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, মাদকের বিরুদ্ধে র্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও র্যাবের অভিযান চলমান থাকবে।



মন্তব্য