![]()
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন। সমিতির সভাপতি পদে জয়ী হয়েছেন জনপ্রিয় অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
বিএফডিসি প্রাঙ্গণে গত শুক্রবার (৩ জুলাই) দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন শিল্পী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল বলে গণ্য হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী; তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।
নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে এফডিসি প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত। মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দুটি প্যানেলের মধ্যে—’আরমান–মুক্তি পরিষদ’ এবং ‘শিবা শানু–জয় চৌধুরী পরিষদ’। প্রচার-প্রচারণা, প্যানেল পরিচিতি ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এক উৎসবমুখর আবহ তৈরি হয়েছিল চলচ্চিত্রাঙ্গনে। শুক্রবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় শুরু হয় ভোট গণনা। দীর্ঘ প্রক্রিয়ার পর শনিবার ভোরে চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়।
আগামী দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণকারী এই নতুন কমিটির কাছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রত্যাশা অনেক। বিশেষ করে শিল্পীদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রমের বিস্তার এবং দেশের চলচ্চিত্র শিল্পের সামগ্রিক উন্নয়নে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।



মন্তব্য