![]()
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
শতাব্দীর ঐতিহ্যবাহী আধ্যাত্মিক মারকাজ ছারছীনার মরহুম পীর সাহেব, বাহরে শরিয়ত, মুজাদ্দিদে জামান হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর দ্বিতীয় ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে বরগুনার পাথরঘাটায় এক দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সুবিধাবঞ্চিত, দরিদ্র ও সাধারণ মানুষের জন্য আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) উপজেলার কালমেঘা খানকায়ে ছালেহীয়া দিনিয়া কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে পাথরঘাটার মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার।
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা মেডিকেল ক্যাম্পে খানকায়ে ছালেহীয়া দিনিয়া কমপ্লেক্সের শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন এলাকার অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতামূলক দিকনির্দেশনা গ্রহণ করেন। সেবা প্রদান করেন পাথরঘাটা মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডা. বেল্লাল হোসেন জুয়েল।
কালমেঘা খানকায়ে ছালেহীয়া দিনিয়া কমপ্লেক্সের পরিচালক মাওলানা আব্দুস সাত্তার বলেন, “ছারছীনার মরহুম পীর সাহেব হযরত শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর জীবন ছিল মানবকল্যাণ, দ্বীনি খেদমত ও সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর আদর্শকে ধারণ করেই আমরা প্রতি বছর বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে থাকি। ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
দিনব্যাপী আয়োজিত এ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, খানকাহর দায়িত্বশীল ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া জোহরের নামাজের পর ছারছীনা দরবার শরীফের মরহুম পীর সাহেব (রহ.) এবং এলাকার সকল মৃত ব্যক্তির রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।



মন্তব্য