![]()
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
দীর্ঘ দুই বছর ধরে স্বাভাবিক গ্যাস না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হোমনা উপজেলার গ্রাহকরা। ৩০ জুন মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) আয়োজিত ‘গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা’ বিষয়ক অংশীজন সভায় তারা এ অভিযোগ তুলে ধরেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ। তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগ ও প্রেসার বুস্টারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং গ্রাহকদের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সভায় জানানো হয়, হোমনায় মোট গ্যাস গ্রাহক ২ হাজার ৬৭৬ জন। আবাসিক নন-মিটার গ্রাহকদের মধ্যে বিপুল পরিমাণ বকেয়া রয়েছে। গত এক বছরে শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, অবৈধ পাইপলাইন উচ্ছেদ এবং জরিমানা আদায় করা হয়েছে। প্রশ্নোত্তর পর্বে গ্রাহকরা অভিযোগ করেন, অবৈধভাবে প্রেসার বুস্টার ব্যবহারের কারণে অনেক এলাকায় গ্যাসের চাপ মারাত্মকভাবে কমে যাচ্ছে। এ সময় দালালচক্রের প্রতারণার বিষয়েও অভিযোগ ওঠে। বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।



মন্তব্য