![]()
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধী শিশু, যুব ও তাদের পরিবারের জন্য সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা ও অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করার লক্ষ্যে এক নাগরিক সংলাপ (পাবলিক হিয়ারিং) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার অনুষ্ঠিত এ সংলাপের আয়োজন করে সংগ্রাম, তাদের বাস্তবায়িত MAPinCBR Project-এর আওতায়। এতে কারিগরি সহায়তা দেয় সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (CDD) এবং আর্থিক সহায়তা প্রদান করে লিলিয়ানা ফন্ডস (LF)। আয়োজনে সহযোগিতা করে চরদুয়ানী ইউনিয়ন পরিষদ।
সংলাপে প্রায় ৭৫ জন অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন চরদুয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষি ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী যুব, প্রতিবন্ধী শিশুদের অভিভাবক ও কেয়ারার, ইমপ্যাক্ট গ্রুপ ও OPD প্রতিনিধি এবং অন্যান্য সেবাগ্রহীতা।
অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশু ও যুবদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, প্রবেশগম্যতা এবং সরকারি সেবা প্রাপ্তির বর্তমান পরিস্থিতি নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা ভাতা প্রাপ্তির জটিলতা, বিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠানে প্রবেশগম্যতা নিশ্চিত করা, সহায়ক উপকরণ, নিয়মিত থেরাপি, বিশেষায়িত স্বাস্থ্যসেবা, দুর্যোগকালীন সেবা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
সংলাপে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশের পরিপ্রেক্ষিতে চরদুয়ানী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে—ইউনিয়নের সব প্রতিবন্ধী শিশুর জন্মনিবন্ধন বিনামূল্যে সম্পন্ন করা, ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধী শিশু, যুব ও তাদের পরিবারের জন্য বিশেষ সেবা ডেস্ক চালু করা, আগামী ছয় মাসের মধ্যে জ্ঞানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক নির্মাণ, অগ্রাধিকার ভিত্তিতে কৃষি প্রণোদনা ও পুষ্টি সহায়তা প্রদান, ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত বাজারের টয়লেটগুলো পর্যায়ক্রমে প্রতিবন্ধীবান্ধব করা এবং কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় ওষুধের নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগে আনুষ্ঠানিকভাবে পত্র পাঠানো।
বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের উন্নয়ন শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি সাংবিধানিক ও মানবাধিকারভিত্তিক অঙ্গীকার। সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থা এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।
সংলাপের সমাপনী পর্বে ঘোষিত অঙ্গীকারসমূহ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে প্রতিবন্ধী শিশু ও যুবদের অধিকার প্রতিষ্ঠায় নিয়মিত নাগরিক সংলাপ ও সামাজিক জবাবদিহিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।



মন্তব্য