রবিবার, ২৮ জুন ২০২৬
 

দোয়ারাবাজারে হিন্দু থেকে মুসলিম হওয়া এক অসহায় নারীর জায়গা দখল ও হামলার অভিযোগে আদালতে মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬

---

এনামুল কবির মুন্না,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধর্মান্তরিত এক অসহায় নারীর বসতভিটা দখল ও তার ওপর হামলার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী রানিয়া বেগম বাদী হয়ে দোয়ারাবাজার আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন (মামলা নং- ২৪/২৬ ইং)। হামলায় ওই নারীর ডান হাতের হাড় ভেঙে গেছে বলে জানা গেছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দোহালিয়া ইউনিয়নের বাজিদপুর গ্রামের মৃত হরমুজ আলীর স্ত্রী রানিয়া বেগম পূর্বে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন; পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরিবারে কোনো ছেলে সন্তান না থাকায় তিনি অত্যন্ত অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। এই সুযোগে স্থানীয় মাহমুদ আলী (৫০), আহমেদ আলী (২০) ও রহিম উদ্দিন (৩৫) দীর্ঘদিন ধরে তার জায়গা দখলের পাঁয়তারা করে আসছিল। গত ১ মার্চ দুপুরে আসামিরা বেআইনিভাবে রানিয়া বেগমের উঠানে মাটি ভরাট করতে গেলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামি মাহমুদ আলী লোহার রড দিয়ে তাকে আঘাত করলে তার ডান হাতের হাড় ভেঙে যায় (Fracture at ulna)। এ সময় অন্য আসামিরাও তাকে এলোপাতাড়ি মারধর ও শ্লীলতাহানি করে এবং মামলা করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ছাতক ২০ শয্যা হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অসহায় এই নারী বর্তমানে তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেছেন।

এদিকে দোয়ারাবাজার থানার মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই আমির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সঠিক ও নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত আদালতে তদন্ত প্রতিবেদন প্রেরণ করা হবে।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon