![]()
মোঃআব্বাস উদ্দিন:(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজনের কাছ থেকে ৭০ পিচ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া রাজনৈতিক মামলার এক পলাতক আসামি এবং একটি মামলার পরোয়ানাভুক্ত আরও একজন আসামিকে আটক করা হয়েছে।
রোববার (২৮ জুন ২০২৬) সরাইল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ চারজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেন থানার একাধিক পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া রাজনৈতিক মামলার আসামি হলেন সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রশিদ মিয়া (৬২)। তিনি পাকশিমুল গ্রামের বাসিন্দা এবং বরজু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সরাইল থানায় দায়ের করা মামলা নম্বর-২৫, জিআর-১৭৩/২৬, তারিখ ১৮ মে ২০২৬, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭ ও ১০ ধারায় মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানায় পুলিশ। তথ্য উপাত্তের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন সরাইল থানার এসআই (নিরস্ত্র) মো. ফারুক আহমদ। এদিকে মাদকবিরোধী পৃথক অভিযানে শাহবাজপুর ইউনিয়নের মুন্সিহাটি এলাকা থেকে দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন মো. আব্দুল্লাহ (৩৮) এবং জাহিদুল ইসলাম (২৬)। পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৭০ পিচ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক আব্দুল্লাহর বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে বলেও দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় সরাইল থানায় মামলা নম্বর-৪২, তারিখ ২৭ জুন ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় একটি নতুন মামলা রুজু করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সরাইল থানার এসআই (নিরস্ত্র) মো. বখতিয়ার আলম। অন্যদিকে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে আখিতারা এলাকার বাসিন্দা আমির হোসেন (২৭)-কে গ্রেপ্তার করা হয়। তিনি আঙ্গুর খাঁর ছেলে। তার বিরুদ্ধে সিআর-৫৫১/২৬ নম্বর মামলায় দণ্ডবিধির ৩২৩ ও ৩৭৯ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তাকে গ্রেপ্তার করেন এসআই (নিরস্ত্র) কাজী শামীম হোসেন। সরাইল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক কারবার নিয়ন্ত্রণ, পলাতক আসামিদের আইনের আওতায় আনা এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত চারজনকে প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।



মন্তব্য