![]()
গোপালগঞ্জ প্রতিনিধিঃ শেখ মো আরমান
“মাদককে না বলুন, সুস্থ-সবল জীবন গড়ুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস।
শুক্রবার (২৬ জুন) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন’ (BYFCN)-এর যৌথ উদ্যোগে জেলা শহরে এই জমকালো কর্মসূচির আয়োজন করা হয়।
শহরে সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালিঃ-
দিবসের শুরুতে সকালবেলা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে র্যালিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভাঃ-
র্যালি শেষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ ব্যবস্থাপনায় এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে পারিবারিক সচেতনতা ও আইন প্রয়োগকারী সংস্থার কঠোর ভূমিকার ওপর জোর দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর। জেলা প্রশাসক মোঃ আরিফ উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ।
এ সময় বক্তারা বলেন—”মাদক কেবল একটি জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও পুরো সমাজকে পঙ্গু করে দেয়। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।” অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে BYFCN-এর প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস, সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার তাপস বিশ্বাস ও প্রোগ্রাম অর্গানাইজার রুবেন মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিশেষ সম্মাননা প্রদানঃ-
দিবসটি উপলক্ষে শিশুদের মাঝে মাদকের কুফল বিষয়ক চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এদিকে, তৃণমূল পর্যায়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে নানামুখী সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় বেসরকারি সংস্থা ‘বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন’ (BYFCN)-কে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়। সংস্থাটির কর্মকর্তারা এই স্বীকৃতি কাজের গতি আরও বাড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



মন্তব্য