বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
 

গোয়ালন্দে বিটুমিন কারখানার বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২ শ্রমিক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬

---
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে একটি বিটুমিন তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে উপজেলার উজানচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিশ্বনাথপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন শাওন মুন্ডা (১৬), পিতা ছুনু মুন্ডা। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বিনন্দপুর এলাকায়। বর্তমানে তিনি গোয়ালন্দের শামসুদ্দিন মোল্লাপাড়া এলাকায় বসবাস করেন। অপর আহত শ্রমিক মো. সোহেল রানা (২৪), পিতা সামসুদ্দিন। তার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কারখানাটিতে পুরোনো গাড়ির টায়ার পুড়িয়ে বিটুমিন উৎপাদনের কাজ চলছিল। এ সময় অতিরিক্ত চাপ সৃষ্টি হলে বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে এবং সেখানে কর্মরত দুই শ্রমিক দগ্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সহকর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চিকিৎসকরা জানান, আহত শাওন মুন্ডার শরীরের প্রায় ৭০ শতাংশ এবং সোহেল রানার শরীরের প্রায় ৬০ শতাংশ অংশ পুড়ে গেছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার  অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানায়, দুর্ঘটনার কারণ ও কারখানার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ শিল্পকারখানাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা না হলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon