![]()
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নৈশ প্রহরীদের বেঁধে অস্ত্রের মুখে সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের মালিকানাধীন একটি কারখানা থেকে মূল্যবান মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৯ জুন) দিবাগত গভীর রাতে পৌরসভার রহমতগঞ্জ মহল্লায় অবস্থিত ‘স্পার্ক ভিশন’ নামের প্রতিষ্ঠানের কারখানায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
কারখানার নিরাপত্তা প্রহরী ইমন মিয়া জানান, তার বাবা সুরুজ মিয়া ও আবদুল মালেক নিয়মিত কারখানাটি পাহারা দেন। শুক্রবার সুরুজ মিয়ার শারীরিক অসুস্থতার কারণে তিনি বাবার পরিবর্তে দায়িত্ব পালন করতে আসেন।
তার ডিউটি ছিল সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত।
ইমনের ভাষ্য অনুযায়ী, আনুমানিক সাড়ে ৯টার দিকে কয়েকজন ব্যক্তি কারখানার গেটে এসে তাকে ডাকাডাকি করেন। তিনি অন্য প্রহরী আবদুল মালেককে ডাকতে গেলে মুখোশধারী কয়েকজন ব্যক্তি ফটক টপকে ভেতরে প্রবেশ করে তাকে জিম্মি করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং বেঁধে ফেলে। পরে আবদুল মালেক বাইরে এলে তাকেও অস্ত্র ঠেকিয়ে বসে রাখা হয়।
এরপর অভিযুক্তরা কারখানার ফটক খুলে একটি মিনি ট্রাক ভেতরে প্রবেশ করিয়ে স্পার্ক ভিশনের মূল্যবান স্টিল ও লোহার সরঞ্জাম ট্রাকে তুলে নিয়ে যায়। যাওয়ার আগে তারা দুই প্রহরীর বাঁধন খুলে দিয়ে চলে যায়। পরে প্রহরীরা স্থানীয়দের ঘটনাটি জানান।
ঘটনার বিষয়ে সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি কারখানায় লুটপাটের ঘটনা ঘটার বিষয়টি নিশ্চিত করেন। তিনি দাবি করেন, ঘটনার পর তার প্রতিষ্ঠানের ম্যানেজার তারেক মাহবুব বাবুকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। তবে কারো নাম উল্লেখ না করে তিনি ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে মন্তব্য করেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আজম বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ফ্যাক্টরির ইনচার্জ তারেক মাহমুদ ওরফে বাবুকে আটক করা হয়েছে। শনিবার তাকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ৮(১১)২৫ নম্বর মামলায় আদালতে পাঠানো হয়েছে।



মন্তব্য