রবিবার, ২১ জুন ২০২৬
 

প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে বাঁধভাঙা উল্লাস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬

 ---

নিজস্ব প্রতিবেদক
দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া উৎসব ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা)’ চূড়ান্ত পর্বের মঞ্চে আজ দেখা গেল এক অভূতপূর্ব ও আবেগঘন দৃশ্য।
দেশসেরা ক্ষুদে ফুটবলারদের ফাইনাল ম্যাচ ও তাদের নৈপুণ্য গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করতে শনিবার (২০ জুন) বিকেল চারটার দিকে ঢাকার আর্মি স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। মাঠে আসার পর তিনি ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এরপরই স্টেডিয়ামজুড়ে তৈরি হয় এক অন্যরকম পরিবেশ। ফাইনালের মহারণে নামার আগে মাঠে উপস্থিত সরকারপ্রধানকে কাছ থেকে দেখতে দৌড়ে আসে শিশুরা। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে পুরো স্টেডিয়াম।
এদিন পতাকা উত্তোলন শেষে প্রধানমন্ত্রী যখন ফাইনালে ওঠা বালক ও বালিকা দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হতে মাঠ পরিদর্শনে যান, তখন গ্যালারিতে বসা হাজারো ক্ষুদে শিক্ষার্থীর চোখ আটকে যায় তার দিকে।
খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী হাত নেড়ে গ্যালারিতে বসা শিক্ষার্থী ও সঙ্গে আসা শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা জানাতে এগিয়ে যান। তখনই ঘটে সেই অভাবনীয় ঘটনা। দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত ক্ষুদে শিক্ষার্থী প্রিয় প্রধানমন্ত্রীকে একদম কাছ থেকে দেখার লোভে মেতে ওঠে এক আনন্দ-দৌড়ে! গ্যালারির বাধা পেরিয়ে, প্রটোকল বা নিয়মের তোয়াক্কা না করে এক নিমেষেই মাঠের দিকে ‘ভোঁ দৌড়’ দেয় একঝাঁক শিশু।
মুহূর্তের মধ্যেই যেন পুরো দৃশ্যপট বদলে যায়। ছোট্ট শিশুরা যেন চারপাশ থেকে ঘিরে ধরেন প্রধানমন্ত্রীকে। নিরাপত্তার বেড়াজাল ভেঙে শিশুরা যখন এভাবে হুড়মুড় করে ছুটে আসে, তখন প্রটোকল অফিসার বা নিরাপত্তা কর্মীদের চোখ-মুখে কিছুটা উদ্বেগের রেখা ফুটলেও প্রধানমন্ত্রীর মুখে ছিল চওড়া ও স্নেহমাখা হাসি।
শিশুদের এই বাঁধভাঙা ভালোবাসায় বিন্দুমাত্র বিরক্ত না হয়ে প্রধানমন্ত্রী নিজে যেন ফিরে গেলেন শৈশবে। হাসিমুখে শিশুদের বাড়ানো শত শত হাতের সঙ্গে হাত মেলান, পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দেন এবং হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দিতে থাকেন।
শিশুদের এই ভালোবাসার জোয়ারে গা ভাসিয়ে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে নিয়েই পুরো মাঠ পায়ে হেঁটে প্রদক্ষিণ করেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী মাঠের পশ্চিম দিকের রাইজারে উঠে পুরো গ্যালারির দর্শকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
পরে বালিকাদের ফাইনাল খেলা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রেফারির বাঁশিতে শুরু হয় খেলা। গ্যালারিতে বসে সেই খেলা উপভোগ করেন রাষ্ট্রপ্রধান।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon