রবিবার, ২১ জুন ২০২৬
 

টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:

টেকসই কৃষি উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব তুলে ধরতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হামেদ মৃধার হাট এলাকায় কৃষকদের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১১টায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন প্রকৃত কৃষক অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড কোম্পানির চুয়াডাঙ্গা-১ রিজিওনের রিজিওনাল সেলস ম্যানেজার মো. আক্তারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা ব্র্যাক সিডের ডিলার, আদ-দ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী এবং রাজবাড়ী জেলা বিএডিসির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ।

এ সময় ফরিদপুর-১ অঞ্চলের টেরিটোরি অফিসার সুব্রত কুমার পাল, মো. নুর আলমসহ ব্র্যাক সিড কোম্পানির স্থানীয় রিটেইলার ও কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা বলেন, রাসায়নিক কীটনাশকের অতিরিক্ত ব্যবহার কৃষি জমির উর্বরতা, পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর পরিবর্তে বায়োপেস্টিসাইড ব্যবহার করলে ফসলের ক্ষতিকর পোকামাকড় দমন করা সম্ভব হয়, একই সঙ্গে মাটি, পানি ও পরিবেশের ভারসাম্যও বজায় থাকে। নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষির দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে বায়োপেস্টিসাইডের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে ব্র্যাক সিডের বিভিন্ন সবজি বীজ, হাইব্রিড ধান, উফশী ধান বীজ, বায়োপেস্টিসাইড ও জৈব সারের ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত বীজ ব্যবস্থাপনা এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালার শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের সবজি বীজ ও বায়োপেস্টিসাইড বিতরণ করা হয়। কৃষকরা এ ধরনের উদ্যোগকে কৃষিবান্ধব উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজনের দাবি জানান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon