আব্দুল হালিম নিরব ক্রাইম রিপোর্টার, চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকার আকরাম আলী রোড খালপার পকেট গেট এলাকা থেকে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র মোঃ সাব্বির হাসানকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে তার পরিবার। দীর্ঘ এক সপ্তাহ নিখোঁজ থাকার পর গত ১২ জুন, ২০২৬ তারিখে চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে তাকে খুঁজে পাওয়া যায়। সন্তানকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে তার পরিবার। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হযরত আবু হুরায়রা মাদ্রাসার ছাত্র মোঃ সাব্বির হাসান গত এক সপ্তাহ আগে আকরাম আলী রোডের হযরত আবু হুরায়রা মাদ্রাসা থেকে আকস্মিকভাবে নিখোঁজ হয়। তাকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন পার করছিলেন। অবশেষে ঘটনার ৭ দিন পর, ১২ জুন চট্টগ্রামের অক্সিজেন এলাকায় তাকে খুঁজে পায় স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। উদ্ধারের পর সাব্বির হাসানের শারীরিক অবস্থা কিছুটা ভালো থাকলেও মানসিকভাবে সে বিপর্যস্ত বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
নিখোঁজ থাকা এক সপ্তাহ সে কোথায় ছিল, কীভাবে অক্সিজেন এলাকায় গেল, অথবা কেউ তাকে আটকে রেখেছিল কি না—এসব বিষয়ে সে কিছুই বলতে পারছে না। সাব্বির এখন পুরোপুরি নিশ্চুপ। সে ভবঘুরেদের মতো অবস্থায় ছিল বলে পরিবার জানিয়েছে। ছেলের ফিরে আসার পর সাব্বির হাসানের মা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনারা সংবাদকর্মীরা আমার ছেলেটির হারিয়ে যাওয়ার সংবাদটি বিভিন্ন পত্রপত্রিকায় ও গণমাধ্যমে প্রচার করায় আমরা দ্রুত তাকে খুঁজে পেতে সক্ষম হয়েছি। যারা এই দুঃসময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং তথ্য দিয়ে সাহায্য করেছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।” বর্তমানে সাব্বির হাসানকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছে তার পরিবার। দীর্ঘ সময়ের এই ট্রমা কাটিয়ে সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে, এখন সেদিকেই মনোযোগ দিচ্ছে পরিবারটি।



মন্তব্য