সোমবার, ১৫ জুন ২০২৬
 

চোরকে আইনের আওতায় না এনে নির্মমভাবে পিটিয়ে হত্যা: নবাবগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬

---

প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, উপজেলা,নবাবগঞ্জ, [দিনাজপুর]
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় চুরির অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে হীরা মিয়া (৩৫) নামের এক যুবকের নির্মম মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) দিবাগত গভীর রাতে (১৪ জুন, রবিবার রাত সোয়া তিনটার দিকে) উপজেলার পুটিমারা ইউনিয়নের টঙ্গী শ্যামপুর (টঙ্গীপাড়া) গ্রামের একটি আদিবাসী পল্লিতে এই ঘটনা ঘটে।
নিহত হীরা মিয়া হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। তিনি বর্তমানে নবাবগঞ্জের জাটিহার গ্রামে বসবাস করতেন।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত সোয়া তিনটার দিকে পুটিমারা ইউনিয়নের টঙ্গী শ্যামপুর গ্রামের বাসিন্দা অনিল টুডুর (৭০) বসতবাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন হীরা মিয়া। এ সময় ঘরের জানালা ভাঙার শব্দে গৃহকর্তার ঘুম ভেঙে গেলে তিনি চোরকে হাতেনাতে ধরে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আদিবাসী পল্লির উত্তেজিত গ্রামবাসী ছুটে এসে হীরা মিয়াকে আটকে ফেলে।
এরপর উত্তেজিত জনতা আইন নিজের হাতে তুলে নিয়ে তাকে নির্মমভাবে গণপিটুনি দেয়। গণপিটুনির একপর্যায়ে গুরুতর আহত হয়ে হীরা মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। একজন চোরকে আইনের আওতায় না এনে এভাবে পিটিয়ে হত্যার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
পুলিশি তৎপরতা ও বর্তমান পরিস্থিতি।

খবর পেয়ে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন এবং নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া শুরু করেছে। এদিকে, ঘটনার পর আইনি জটিলতা ও পুলিশি গ্রেপ্তার আতঙ্কে উক্ত আদিবাসী পল্লির অধিকাংশ পুরুষ সদস্য গ্রাম ছেড়ে পালিয়েছেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এই নির্মম হত্যাকাণ্ডের বিষয়ে একটি হত্যা মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon