![]()
এনামুল কবির মুন্না,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক মাদ্রাসা ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র এজাহারনামীয় আসামি হোসাইন আহমেদকে (১৮) ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর আর্জেন্ট পাড়া এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৯ (সুনামগঞ্জ ক্যাম্প) এবং র্যাব-৪ (নবীনগর ক্যাম্প, ঢাকা) এই যৌথ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত হোসাইন আহমেদ দোয়ারাবাজার উপজেলার ১ নং বাংলাবাজার ইউনিয়নের আগন রায়েরগাঁও গ্রামের মোঃ আরশ আলীর ছেলে।
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম কিশোরী দোয়ারাবাজারের পুরান বাঁশতলা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসায় যাওয়া-আসার পথে আসামি হোসাইন আহমেদের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩ জুন সন্ধ্যা ৭টার দিকে আসামি ভিকটিমকে ফোন করে রাউলি পাইকপাড়ায় ডেকে নেয়। সেখান থেকে তাকে সিএনজিযোগে ছাতক বাস কাউন্টারে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে বাসে করে ঢাকার মিরপুরে আসামির এক আত্মীয়ের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে গত ৪ জুন রাত ১০টা থেকে ১২টার মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে হোসাইন। পরের দিন সকালে টাকা সংগ্রহের কথা বলে ভিকটিমকে টাঙ্গাইলে তার বোনের বাসায় পাঠিয়ে দেওয়া হয়।
পরবর্তীতে ভিকটিম টাঙ্গাইলে গিয়ে ঘটনাটি তার পরিবারকে জানালে, তার পিতা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং- ১৫, তারিখ: ১০/০৬/২০২৬) দায়ের করেন।
মামলা দায়েরের পর র্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সাভারের হেমায়েতপুর থেকে আসামিকে গ্রেফতার করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



মন্তব্য