![]()
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে সরকারি খাল খনন কর্মসূচিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। খালের খননকৃত মাটি সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও ইব্রাহিমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সভাপতি সফর আলীর বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের (ডিসি) হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে কালিপুরা পর্যন্ত ২ কিলোমিটার দীর্ঘ, ১২ ফুট চওড়া এবং ৭ ফুট গভীরতায় সরকারি খাল খননের একটি প্রকল্প হাতে নেওয়া হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মাপে সুষ্ঠুভাবে খাল খনন করার কথা থাকলেও, শুরু থেকেই এতে ব্যাপক অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীর। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, “খাল খননের নিয়ম মেনে কাজ করা হচ্ছে না। সবচেয়ে বড় অনিয়ম হচ্ছে খালের মাটি নিয়ে।
৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সফর আলী খালের এই মাটি সরকারি নির্দেশনা অমান্য করে আশেপাশের বিভিন্ন মানুষের কাছে গোপনে বিক্রি করে দিচ্ছেন। এতে সরকারের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং কতিপয় ব্যক্তি লাভবান হচ্ছে। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, সরকারি খালের মাটি এভাবে ব্যক্তিগত স্বার্থে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। এই অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সরজমিনে তদন্ত করে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য তারা ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত বিএনপি নেতা সফর আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট এলাকার সচেতন মহল মনে করছেন, খাল খননের মতো একটি জনকল্যাণমূলক প্রকল্পে এমন দুর্নীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।



মন্তব্য