![]()
ঝালকাঠি প্রতিনিধি
ঝালোকাঠির রাজাপুরে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ কবিরাজবাড়ি খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে সদর এলাকার দক্ষিণ বাজার জালিয়াবাড়ি এলাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
খান বাড়ি ও সিকদার বাড়ির উদ্যোগে জাকির খানের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন বয়সী অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে তারা কচুরিপানা, আগাছা ও জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন।
উদ্যোক্তারা জানান, সম্প্রতি খালটি খনন করা হলেও কচুরিপানা ও বিভিন্ন ধরনের বর্জ্যে আবারও ভরাট হয়ে পড়ে। ফলে পানিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বাড়তে থাকে।
অভিযানের নেতৃত্বদানকারী জাকির খান বলেন, তুলাতলা, বাইপাস, টিএন্ডটি, বাজার ও পুরাতন জেলখানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা দিয়ে খালটি প্রবাহিত হয়েছে। কিন্তু বিভিন্ন স্থানে বাঁধ, দখল এবং কচুরিপানা জমে থাকায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। কৃষি, পরিবেশ সংরক্ষণ ও জলাবদ্ধতা নিরসনে খালটির গুরুত্ব অনেক। তাই স্থানীয়দের সহযোগিতায় আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি।”
তিনি আরও বলেন, খালের কয়েকটি স্থানে থাকা মাটির বাঁধ পর্যায়ক্রমে অপসারণ করা হবে, যাতে পানির প্রবাহ নির্বিঘ্ন থাকে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, খালটি নিয়মিত পরিচ্ছন্ন রাখা গেলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং এলাকার পরিবেশের উন্নয়ন ঘটবে।
উদ্যোক্তারা জানান, খাল রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



মন্তব্য