![]()
নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে “তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে নারীদের ডিজিটাল সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজ বুধবার (১০জুন) দুপুরে উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা তথ্য অফিসার শুকরানা আশরাফী। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান যুগে নারীদের এগিয়ে যেতে হলে তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। ডিজিটাল সেবা গ্রহণের মাধ্যমে নারীরা যেমন স্বাবলম্বী হতে পারবেন, তেমনি সমাজেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরকত উল্লাহ। তিনি বলেন, সরকার নারীদের উন্নয়নে তথ্যপ্রযুক্তিকে সবচেয়ে কার্যকর হাতিয়ার হিসেবে বিবেচনা করছে। গ্রামের নারীদের ঘরে বসেই বিভিন্ন সরকারি সেবা গ্রহণ ও আয়মুখী কাজে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে, যা তাদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রায়হানুল হক এবং ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিমানুর রহমান। তারা নারীদের সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ইন্টারনেট ব্যবহার এবং সামাজিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে স্থানীয় নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার, অনলাইন সেবা গ্রহণ, ডিজিটাল নিরাপত্তা ও আয়ের বিভিন্ন সুযোগ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর উল্লেখ করে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে আয়োজনের দাবি জানান।



মন্তব্য