বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
 

বাগেরহাটে কৃষক দল নেতাকে গলাকেটে হত্যা, আহত ১; বিএনপির বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬

---
রায়হান শেখ, মোল্লাহাট( বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল (৪২) গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বাদল মোড়ল আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাদল মোড়লকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদলকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং হত্যাকাণ্ডের কারণ উদঘাটনসহ জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।

এদিকে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশ করেছে বাগেরহাট জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon