![]()
ফয়সাল হোসেন, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় একটি পুকুর থেকে আরিফ হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০টার দিকে তোরাবগঞ্জ বাজার সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
নিহত আরিফ হোসেন হাজিরহাট হামেদিয়া মাদরাসার শিক্ষক ও তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা মো. আক্তার হোসেনের ছেলে। নিহতের মামা মো. সুলতান আহমেদ টিপু জানান, আরিফ ছোট বেলা থেকে মায়ের সাথে নানার বাড়িতে থাকে। সে দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তার মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তবে কীভাবে সে পানিতে পড়েছেন, এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি তিনি।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, আরিফ সাঁতার জানতেন না। কোনো কারণে পুকুরে নামার পর তিনি পানিতে ডুবে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, নিহত আরিফ হোসেন পূর্ব থেকেই মৃগীরোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, পুকুরে গোসল করতে নেমে অসুস্থ হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তবে প্রাথমিকভাবে এতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ



মন্তব্য