![]()
মোঃ জসিম উদ্দিন উপজেলা, নবাবগঞ্জ [দিনাজপুর]
কচি হাতে কায়দা নিয়ে প্রতিদিনের মতো আজ ভোরেও মক্তবের উদ্দেশ্যে রওনা হয়েছিল ৭ বছরের শিশু আলামিন। কিন্তু ঘাতক ট্রাকের নির্মম চাকা তার সেই পথ চিরতরে বন্ধ করে দিল। দিনাজপুরের নবাবগঞ্জে ভাদুরিয়া বাজার ১০ চাকার একটি ভারী মালবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আলামিনের মাথার খুলি বেরিয়ে গিয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিটে ভাদুরিয়া বাজার ওভার পাড়া এলাকার একটি জ্বালানি তেলের পাম্পের সামনে এই বুক ফাটা হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আলামিন স্থানীয় বাসিন্দা শামীমের ছেলে।
স্থানীয সূত্রে জানা যায়, ভোরের আলো ফোটার পরপরই বাড়ি থেকে মক্তবে আরবি পড়তে বের হয়েছিল শিশু আলামিন। ভাদুরিয়া বাজার ওভার পাড়া সংলগ্ন তেলের পাম্পের সামনে পৌঁছালে একটি দ্রুতগামী ১০ চাকার দানবীয় মালবাহী ট্রাক তাকে সজোরে চাপা দেয়। ট্রাকের ভারী চাকাটি শিশুটির মাথার ওপর দিয়ে চলে গেলে মুহূর্তেই তার মাথার খুলি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই নিথর হয়ে যায় শিশুটির দেহ।
এমন বীভৎস ও কলিজা ছেঁড়া দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যান স্থানীয় পথচারীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল। তারা ঘাতক ট্রাকটির সামনের বাম পাশের চাকার নিচে আটকে থাকা শিশুটির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান রাতে ডিউটিতে থাকা নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজিদ। তিনি উত্তেজিত জনতার হাত থেকে ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান।
মক্তবগামী শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে ভাদুরিয়া বাজার ওভার পাড় আকাশ-বাতাস।



মন্তব্য