![]()
জসিম উদ্দিন, নবাবগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুরের নবাবগঞ্জে গোয়ালঘর থেকে চুরি হওয়া একটি গরু মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরির ঘটনায় জড়িত এক চোরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে উপজেলার পুটিমারা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। পুলিশের এমন দ্রুত ও সাহসী পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বয়রা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা শাকিলের গোয়ালঘরের তালা ভেঙে একটি মূল্যবান গরু নিয়ে যায় চোর চক্র। রাতে বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। পরে নিরুপায় হয়ে বুধবার সকালে নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শাকিল।
অভিযোগ পেয়েই মাঠে নামে নবাবগঞ্জ থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। অভিযানের একপর্যায়ে চুরি হওয়া গরুটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং চুরির সাথে সরাসরি জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
নবাবগঞ্জ থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত গরুটি আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। চোর চক্রের অন্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে চুরির পরপরই গরুটি উদ্ধার হওয়ায় পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভুক্তভোগীর পরিবার। নবাবগঞ্জ থানা পুলিশের এই ঝটিকা ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় এলাকাবাসী।



মন্তব্য