মঙ্গলবার, ২৬ মে ২০২৬
 

২. ঘোড়াঘাটে ট্রাকের নিচে পিষ্ট হয়ে নিহত ৩ বন্ধু, এলাকায় শোকের ছায়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৬

 ---

মোহাম্মদ জসিম উদ্দিন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
একসাথে পথচলা, একসাথে আড্ডা আর মুহূর্তের এক নির্মম ঝড়ে একসাথেই চিরতরে হারিয়ে গেল তিনটি তাজা প্রাণ। দিনাজপুরের ঘোড়াঘাটে এক শোকার্ত ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় চিরতরে নিভে গেছে তিন তরুণের জীবনের আলো। গত শনিবার (২৩ মে) সকাল আনুমানিক ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ বড় মসজিদের সামনে এই মর্মান্তিক ও রক্তাক্ত দুর্ঘটনাটি ঘটে।
ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অকালে ঝরে যাওয়া এই তিন তরুণ হলেন— ঘোড়াঘাট উপজেলার নূরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আল-আমিন (১৬), মোখলেসপুর গ্রামের ছালম উদ্দিনের ছেলে সৈকত (১৫) এবং আফছাড়াবাদ কলোনীর সমসের উদ্দিনের ছেলে কাইউম (২০)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই তিন বন্ধু একটি মোটরসাইকেলযোগে ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। আনন্দের সেই যাত্রা পথিমধ্যে রানীগঞ্জ বড় মসজিদের সামনে পৌঁছানো মাত্রই বিষাদে রূপ নেয়। বিপরীত দিক থেকে ধেয়ে আসা একটি বেপরোয়া গতির মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। ট্রাকের ভারী চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এক তরুণের দেহ নিথর ও রক্তাক্ত হয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকচালক একটুও না থমে অমানবিকভাবে গাড়ি নিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দুর্ঘটনাস্থলে উপস্থিত সাধারণ জনতা ও পথচারীরা তাৎক্ষণিকভাবে ছুটে এসে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় অপর দুই তরুণকে উদ্ধার করে নিকটস্থ ওসমানপুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। চিকিৎসকের এই ঘোষণা মুহূর্তেই হাসপাতাল চত্বরে এক ভয়ানক কান্নার রোল তোলে।
একই এলাকার তিন প্রতিভাবান তরুণের এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে পুরো ঘোড়াঘাট উপজেলায় স্তব্ধতা ও গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মা-বাবা ও স্বজনদের বুকফাটা আর্তনাদ আর আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণ এবং দুর্ঘটনাস্থলের বাতাস ভারী হয়ে উঠেছে। সন্তান হারানো মা-বাবার এই আহাজারি উপস্থিত পথচারী ও এলাকাবাসীর চোখের জল ধরে রাখতে দেয়নি। স্থানীয় জনতা তীব্র ক্ষোভ প্রকাশ করে সড়ক-মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানো বন্ধের দাবি জানান এবং ঘাতক ট্রাকটি দ্রুত শনাক্তসহ চালককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি তুলেছেন।
এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করে জানানো হয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও এর চালককে আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যেই সাঁড়াশি অভিযান শুরু করেছে। এই মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনায় একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon