মঙ্গলবার, ২৬ মে ২০২৬
 

নবাবগঞ্জে বোরো ধান সংগ্রহ শুরু, ভাদুরিয়ায় ২৫০ শয্যার হাসপাতালের দাবি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৬

 ---

মোহাম্মদ জসিম উদ্দিন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান-২০২৬ মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে দাউদপুর এলএসডি এবং ভাদুরিয়া এলএসডিতে আনুষ্ঠানিকভাবে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
নবাবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সাজিদ উল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ধান সংগ্রহের পাশাপাশি এলাকার স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন।
তিনি বলেন, “নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নসহ আশেপাশের বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর অঞ্চলটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। আধুনিক চিকিৎসা সুবিধা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটের কারণে এই অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।”
উন্নত চিকিৎসার অভাবের কথা তুলে ধরে তিনি আরও বলেন, “বর্তমানে গর্ভবতী মা ও নবজাতকদের উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী জেলা বা বিভাগীয় শহরে যেতে হয়। এই যাতায়াত যেমন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তেমনি সাধারণ মানুষের জন্য অনেক ব্যয়বহুল। এই জনদুর্ভোগ লাঘবে ভাদুরিয়া ইউনিয়নে একটি ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক মা ও শিশু হাসপাতাল স্থাপনের জন্য সরকারের কাছে প্রয়োজনীয় ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের বিশেষ অনুরোধ জানানো হয়েছে। এই হাসপাতালটি স্থাপিত হলে স্থানীয় সাধারণ মানুষ, বিশেষ করে মা ও শিশুরা সহজে, নিরাপদে এবং সাশ্রয়ী মূল্যে উন্নতমানের আধুনিক চিকিৎসা সেবা পাবেন।”
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— নবাবগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখখেরুল ইসলাম, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলাইমান ইসলাম মেহেদী, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, যুব কর্মকর্তা জসিম উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও সুধীবৃন্দ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon