মঙ্গলবার, ২৬ মে ২০২৬
 

হেডলাইন: চাঁদাবাজি ও হামলার বিচার চেয়ে ভোলাই সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬

---
ক্রাইম রিপোর্টার আঃ হালিম (নিরব)
ভোলার তজুমউদ্দিন উপজেলায় জমি দখল, চাঁদাবাজি, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন দুই ভুক্তভোগী নুর হোসেন মাঝি ও আলাউদ্দিন। অভিযুক্তরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ গফুর এবং তার ভাই আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান।
(২৫ মে) বিকেলে ভোলা জার্নালিস্ট ফোরামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে তাদের ওপর নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদাবাজি চালিয়ে আসছেন অভিযুক্ত দুই ভাই।
নুর হোসেন মাঝি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় জিয়াউর রহমান তাদের জমি দখল ও বিভিন্নভাবে হয়রানি করতেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমানে তার ভাই গফুরকে সঙ্গে নিয়ে পুনরায় জমি দখল, চাঁদা দাবি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও জানান, গত ২৪ মে তজুমউদ্দিন উপজেলার মুচিবাড়ীর কোনা বাজার এলাকায় গফুর ও জিয়ার নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে মারধর করে গুরুতর আহত করা হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছেলে ইউসুফকেও মারধরের শিকার হতে হয়।
সংবাদ সম্মেলনে নুর হোসেন বলেন, “আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি—এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হোক।”
অপর ভুক্তভোগী আলাউদ্দিন অভিযোগ করেন, গফুর একাধিকবার তার কাছে চাঁদা দাবি করেছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। তিনি দাবি করেন, অভিযুক্ত গফুরের বিরুদ্ধে একাধিক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) থাকলেও রাজনৈতিক প্রভাবের কারণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
এ বিষয়ে অভিযুক্ত গফুরের বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তজুমউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গফুরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon