![]()
ক্রাইম রিপোর্টার, আব্দুল হালিম (নিরব)
ভোলার তজুমদ্দিনে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে নূর হোসেন মাঝি নামের ৭২ বছর বয়সী এক বৃদ্ধকে লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর পকেট থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে। গতকাল (২৪ মে) সকালে উপজেলার গোলকপুর গ্রামের একটি দোকানের সামনে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জমিসংক্রান্ত বিরোধ আর পূর্ব শত্রুতার জেরে ভোলার তজুমদ্দিনে এক বৃদ্ধকে নৃশংসভাবে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল আনুমানিক ৯টার দিকে গোলকপুর ৩ নম্বর ওয়ার্ডের মুচি বাড়ির কোনা সংলগ্ন একটি দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে।
: অভিযোগ সূত্রে জানা গেছে, গোলকপুর গ্রামের বাসিন্দা ৭২ বছর বয়সী বৃদ্ধ নূর হোসেন মাঝি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হলে ওত পেতে থাকা স্থানীয় অভিযুক্ত মো. আব্দুল গফুর ও মো. ইমরানসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। লোহার রড ও এসএস পাইপ দিয়ে বৃদ্ধকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফুলা জখম করা হয়। হামলার এক পর্যায়ে বৃদ্ধের পকেটে থাকা নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা।
বাইট: “আমার বাবাকে একা পেয়ে ওরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং রড-পাইপ দিয়ে মারধর শুরু করে। তাঁর চিৎকার শুনে আশেপাশের মানুষ এসে বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
পরে স্থানীয়রা এগিয়ে এসে বৃদ্ধ নূর হোসেন মাঝিকে উদ্ধার করে দ্রুত তজুমদ্দিন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর প্রকাশ্যেই ভুক্তভোগীর পরিবারকে খুন-জখমের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় ন্যায়বিচার ও নিরাপত্তার দাবি জানিয়ে তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন বৃদ্ধের ছেলে মো. ইউসুফ।
আইনগত ব্যবস্থার বিষয়ে তজুমদ্দিন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য