সোমবার, ২৫ মে ২০২৬
 

উন্নয়নের ছোঁয়ায় বদলে যাওয়া নবাবগঞ্জ, তবুও ইউএনও বদলিতে জনমনে প্রশ্ন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬

---

মো জাহিদ হোসাইন. নবাবগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সাম্প্রতিক সময়ে প্রশাসনিক কার্যক্রম, শিক্ষা ব্যবস্থা এবং জনসেবায় দৃশ্যমান পরিবর্তনের কথা বলছেন সাধারণ মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান–এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরতে শুরু করেছিল বলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা রয়েছে।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা ও অবৈধ দখলের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান ইতোমধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছিল বলে মনে করছেন অভিভাবক ও সচেতন মহল। নিয়মিত তদারকি, নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রশাসনিক জবাবদিহিতা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছিল।
এছাড়া অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরকারি জমি দখলমুক্ত করা, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং বিভিন্ন দপ্তরে জনভোগান্তি কমাতে প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলো সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছিল। স্থানীয়দের মতে, সরকারি সেবা গ্রহণে আগের তুলনায় হয়রানি কমে এবং সেবার মান বৃদ্ধি পেয়েছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, ইউএনও জিল্লুর রহমান দায়িত্ব পালনকালে উপজেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতে ধারাবাহিকভাবে কাজ করে গেছেন। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, দ্রুত সমস্যা সমাধান এবং জনসচেতনতা বৃদ্ধির কারণে সাধারণ মানুষের কাছেও তিনি আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন।
তবে এমন ইতিবাচক পরিবর্তনের মাঝেই ইউএনও জিল্লুর রহমানের বদলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের অনেকেই বলছেন, নবাবগঞ্জে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন, তাদেরই একের পর এক বদলি করা হচ্ছে।
এর আগে উপজেলার আরেক আলোচিত প্রশাসনিক কর্মকর্তা মুনতাসির মাহমুদ–এর বদলিও জনমনে আলোচনা সৃষ্টি করেছিল। একইভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সোলাইমান মেহেদী–কে নিয়েও বদলির গুঞ্জন শোনা যাচ্ছে।
সচেতন মহলের প্রশ্ন, নবাবগঞ্জে যারা ভালো কাজ করছেন এবং উন্নয়নের ধারা এগিয়ে নিচ্ছেন, তাদের ঘিরেই কেন বারবার বদলির ঘটনা বা গুঞ্জন তৈরি হচ্ছে? এর পেছনে কোনো স্বার্থান্বেষী মহলের চাপ বা প্রভাব রয়েছে কি না, সেটিও এখন সাধারণ মানুষের আলোচনার বিষয় হয়ে উঠেছে।
স্থানীয়দের মতে, নবাবগঞ্জের উন্নয়ন ও জনস্বার্থে কাজ করা কর্মকর্তাদের কর্মকাণ্ড সাধারণ মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলেছে। তাই হঠাৎ বদলির ঘটনায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন।
মো: জাহিদ হোসাইন
নবাবগঞ্জ দিনাজপুর

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon