![]()
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে “ফ্যাসিস্ট” হিসেবে আখ্যায়িত করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
রবিবার (১৭ মে) সংগঠনটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনায় ছাত্রদল গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে সংগঠনটি মনে করে, এ ধরনের অপরাধ প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করা জরুরি।
ছাত্রদলের দাবি, চলমান আন্দোলনের একপর্যায়ে “সাধারণ শিক্ষার্থীদের” ব্যানারে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে “ফ্যাসিস্ট” হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যা “দুঃখজনক, অনভিপ্রেত ও নিন্দনীয়”।
বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান দীর্ঘ ১৭ বছর আওয়ামী “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে” সক্রিয় ভূমিকা পালন করেছেন। অতীতে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত অনিয়ম, নির্যাতন, দমন-পীড়ন ও স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে তিনি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বলেও উল্লেখ করা হয়।
ছাত্রদল দাবি করে, সাম্প্রতিক ঘটনাতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই অপরাধীকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এমন পরিস্থিতিতে বিচার নিশ্চিত করার পরিবর্তে উপাচার্যকে “ফ্যাসিস্ট” হিসেবে আখ্যায়িত করা সত্যের অপলাপ এবং দায়িত্বজ্ঞানহীন বক্তব্য।
বিবৃতিতে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক এ ধরনের “বিভ্রান্তিকর, কুরুচিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট সকলের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, একটি সংবেদনশীল অপরাধের ঘটনাকে কেন্দ্র করে বিভেদ, ব্যক্তিগত আক্রমণ ও রাজনৈতিক বিভাজনের পরিবর্তে অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।



মন্তব্য